কুমিল্লায় বিএনপি নেতা আটক, থানা ঘেরাও ও বাস টার্মিনাল বন্ধ
কুমিল্লায় বিএনপি নেতা আটক, থানা ঘেরাও ও বাস টার্মিনাল বন্ধ।   ছবি: সংগৃহীত

কুমিল্লায়  বিএনপি নেতা রেজাউল কাইয়ুম কে আটক করার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তার আটকের প্রতিবাদে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছে এবং শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করায় সেখান থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৩ মে) দুপুর ১২টার দিকে শহরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে পুলিশ ও গোয়েন্দা শাখার দল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি।

পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করলেও নির্দিষ্ট কারণ এখনো জানায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, উচ্চ পর্যায়ের নির্দেশে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনাল এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

আটকের প্রতিবাদে পরিবহন শ্রমিক ও বিএনপির নেতা-কর্মীরা বাস টার্মিনাল অবরোধ করলে সেখান থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। একই সময় বেলা সাড়ে ১২টার দিকে শতাধিক নেতা-কর্মী কোতোয়ালি থানার সামনে অবস্থান নিয়ে ঘেরাও কর্মসূচি পালন করেন। তাদের অনেকেই পরিবহন শ্রমিক ছিলেন। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং থানার প্রধান ফটক আটকে দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে বিক্ষোভকারীরা পুলিশের আহ্বানে সাড়া দিচ্ছেন না এবং রেজাউল কাইয়ুমকে মুক্ত করার দাবিতে অবস্থান অব্যাহত রেখেছেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার জানান, জ্যেষ্ঠ কর্মকর্তাদের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য রেজাউল কাইয়ুমকে থানায় আনা হয়েছে, তবে এখনো তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি। তিনি বলেন, কিছু লোকজন থানার সামনে অবস্থান নিয়েছেন, আমরা তাঁদের শান্ত করার চেষ্টা করছি।

এদিকে জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান-এর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক জানান, কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে, বিস্তারিত পরে জানানো হবে। বিকেল আড়াইটা পর্যন্ত থানা ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত ছিল, ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে