গণভোটের রায় বাস্তবায়ন না হলে দুর্বার আন্দোলন: মাওলানা আবদুল হালিম,
বক্তব্য রাখছেন মাওয়লানা আবদুল হালিম।   ছবি: আরটিএনএন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। তিনি বলেন, প্রায় ৭০ শতাংশ ভোটার এই রায় দিয়েছেন, তাই এটি বাস্তবায়নে বিলম্ব করা হলে জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

শনিবার (২ মে) কুড়িগ্রাম জেলা মডেল মসজিদ মিলনায়তনে জেলা জামায়াতের আয়োজিত দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী এমপি, অধ্যাপক আনোয়ারুল ইসলাম এমপি, মোস্তাফিজুর রহমান মোস্তাক এমপি এবং সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মাওলানা আবদুল হালিম রুকনদের উদ্দেশে্য বলেন, সদস্যদের নৈতিকতা, সাংগঠনিক দক্ষতা ও ব্যক্তিগত মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে। একইসঙ্গে মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে। তিনি বলেন, কুড়িগ্রামের চারটি আসনেই জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যকে বিজয়ী করায় দায়িত্ব আরও বেড়ে গেছে। সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, ইসলামী আন্দোলনের ইতিহাস ত্যাগ ও কোরবানির ইতিহাস। শহীদ নেতৃবৃন্দের আত্মত্যাগ একদিন ইসলামী সমাজ প্রতিষ্ঠার পথ সুগম করবে বলে তিনি আশা প্রকাশ করেন।