শ্রমিকের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাওলানা হালিম
রংপুরে মাওলানা হালিম।   ছবি: আরটিএনএন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম বলেছেন, শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মালিক-শ্রমিকের সুসম্পর্ক বজায় রাখা জরুরি এবং প্রয়োজন হলে আন্দোলন-সংগ্রামের মাধ্যমেও অধিকার আদায় করা হবে।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) রংপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার চাই। একই সঙ্গে মালিকদের যথাযথ সম্মানও নিশ্চিত করতে হবে। ন্যায্যতার ভিত্তিতেই শ্রমিক ও মালিকের সম্পর্ক গড়ে উঠতে পারে।’ চাঁদাবাজির মাধ্যমে শ্রমিকদের অধিকার হরণে সংগঠনটি বিশ্বাস করে না বলেও উল্লেখ করেন তিনি।

সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। তিনি বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ, তাই তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি।

ফেডারেশনের মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলীর সভাপতিত্বে এবং সহ-সভাপতি সেলিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মহানগরী জামায়াতের আমির মাওলানা এটিএম আযম খান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের মহানগর সহ-সভাপতি আবু সাঈম, মুত্তালিব হোসাইন, সাইফুল ইসলাম প্রমুখ।