জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ গোলাম পরোয়ারের
কুমিল্লায় মিয়া গোলাম পরওয়ার।   ছবি: সংগৃহীত

নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, পুরোনো বিতর্ক জিইয়ে রাখা দেশপ্রেম বা স্বাধীনতার চেতনার বহিঃপ্রকাশ নয়। বরং জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ।  দেশের স্বার্থে এসব বিতর্কের দ্রুত সমাধান হওয়া প্রয়োজন। নতুন প্রজন্মকে একটি সুন্দর ও ঐক্যবদ্ধ বাংলাদেশ উপহার দিতে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিতে হবে। 

শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের আমিরে জামায়াত বলেছেন ইতিহাস নিয়ে পড়ে থাকলে আমরা কখনো ইতিহাস রচনা করতে পারবো না। সেজন্য আমাদের চেয়ে পরে স্বাধীন হওয়া অনেক দেশ উন্নতি করেছে। আমাদের যারা এখন পালামের্ন্টে তারা অধিকাংশ তরুণ । স্বাধীনতার পরে জন্ম, আপনি কাকে স্বাধীনতা বিরোধী বলবেন? আল বদর বলবেন? রাজাকার বলবেন? জনগণ তো হাসে।’

তিনি আরো বলেন, কমিউনিজমের থিউরি ছিল; তারা মুখে শ্রমিকদের কথা বলতো, কার্যত শ্রমিকদের অধিকার তারা প্রতিষ্ঠা করতো না।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ‎বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় ‎উপদেষ্টা এটিএম মাসুম, কুমিল্লা মহানগরী প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ইয়াছিন আরাফাত, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভুঁইয়া।

‎‎কুমিল্লা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান ও সহকারি সেক্রেটারি মু. মাইন উদ্দিন সরকারের পরিচালনায় এ সময় বক্তব্য আরও দেন মহানগরী শ্রমিক নেতা মু. শফিউল্লাহসহ আরও অনেকে।