ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।   ছবি: আরটিএনএন

আগামী ২ মে, শনিবার আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী। যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করেছে দলটি। সকাল সাড়ে ৯টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে কর্মসূচির সূচনা হবে। বিজয়-৭১ চত্বর থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা।

সকাল সাড়ে ১০ টায় প্রতিনিধি সম্মেলন শুরু হবে কাকরাইেলর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তনে। এতে অংশ নেবেন দলের শাখা ও তৃণমূল প্রতিনিধিগণ। দলের কার্যক্রম পর্যালোচনা, সাম্প্রতিক নির্বাচন নিয়ে দলের নীতি-অবস্থান, জাতীয় রাজনীতি প্রসঙ্গে মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দলের কেন্দ্রীয় ও বিভাগীয় নেতারা এতে বক্তব্য দেবেন। 

বিকাল ৫টায় কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হবে। এতে জাতীয় রাজনৈতিক ব‍্যক্তিবর্গ এবং দলের সর্বস্তরের শুভানুধ্যায়ীরা উপস্থিত থাকবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, সংসদে বিরোধীদলের চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামসহ সব রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে।

অনুষ্ঠান সফল করার জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন- এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

৬ বছরের পথচলায় যাদের ঐকান্তিক সহযোগিতা, ত‍্যাগ, নিষ্ঠা ও কর্মোদ‍্যোগে এবি পার্টি জাতীয় অঙ্গনে একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে তাদের সবার প্রতি নেতারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতার জন্য দলের নেতাকর্মী, সমর্থক,  শুভানুধ্যায়ী ও গণমাধ্যম কর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন তারা।