জামায়াত নির্মূল করতে গিয়ে অনেকে নির্মূল হয়ে গেছে: মিয়া গোলাম পরওয়ার
আল-ফালাহ মিলনায়তনে বক্তব্য রাখছেন মিয়া গোলাম পরওয়ার।   ছবি: আরটিএনএন

জামায়াতকে নির্মূল করতে গিয়ে অনেকে নির্মূল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের সবুজবাগ-মুগদা জোন আয়োজিত সদস্য (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত সেক্রেটারি বলেন, জামায়াতে ইসলামীকে নির্মূল করতে গিয়ে অতীতে অনেকেই নিজেরাই নির্মূল হয়ে গেছে, কেউ কেউ গোষ্ঠীসহ দেশ ছেড়ে পালিয়েছে। ভবিষ্যতেও যারা একই চেষ্টা করবে, দেশবাসী তাদের প্রত্যাখ্যান করবে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক দলকে নির্মূলের ঘোষণা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। ফ্যাসিবাদের পথে যাত্রা কারও জন্য শুভ নয় বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শভিত্তিক সুশৃঙ্খল সংগঠন। জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি আপসহীন ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও করবে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, রাষ্ট্রযন্ত্র বা শক্তি প্রয়োগ করে জামায়াতে ইসলামীকে দমিয়ে রাখা যাবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।

ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেন, গণরায়ের প্রতি শ্রদ্ধা রেখে রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগ নেওয়া প্রয়োজন। তিনি জুলাই সনদ বাস্তবায়নেরও আহ্বান জানান।

ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু নির্মূলের ভাষা গণতন্ত্রের ভাষা নয়। তিনি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানান।

ড. মোবারক হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে আরও উপস্থিত ছিলেন আব্দুস সবুর ফকির, আশরাফুল আলম ইমন, মনির বিন আনোয়ার, মতিউর রহমান, আব্দুল বারী, অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম, রওশন জামান, মাওলানা ইসহাক, মোহাম্মদ ইয়াকুব আলীসহ সবুজবাগ ও মুগদা জোনের নেতৃবৃন্দ।