অবিভক্ত বাংলার মহান নেতা এ. কে. ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষ।
অবিভক্ত বাংলার মহান নেতা এ. কে. ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষ।   ছবি: সংগৃহীত

অবিভক্ত বাংলার মহান নেতা শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রপক্ষ।

আজ (২৭ এপ্রিল) অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, কৃষক-জনতার নেতা ও ‘শেরে বাংলা’ এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী। ১৯৬২ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ ছাত্রপক্ষ গভীর শ্রদ্ধার সঙ্গে এই মহান নেতাকে স্মরণ করেছে।

শেরে বাংলা এ. কে. ফজলুল হক ছিলেন বাংলার নিপীড়িত কৃষক, শ্রমজীবী মানুষ ও অবহেলিত মুসলমান জনগোষ্ঠীর অধিকার আদায়ের এক আপসহীন কণ্ঠস্বর। জমিদারি প্রথার বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান, ঋণ সালিশি বোর্ড গঠন এবং কৃষকদের শোষণ থেকে মুক্তির উদ্যোগ তাঁকে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী স্থান করে দিয়েছে।

শিক্ষা ক্ষেত্রেও তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। অবৈতনিক শিক্ষাব্যবস্থা প্রবর্তন, মুসলিম শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি এবং পরীক্ষায় বৈষম্য দূর করতে রোল নম্বর পদ্ধতি চালুর মতো পদক্ষেপ বাঙালি মুসলমানদের শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর প্রচেষ্টায় শিক্ষার আলো সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে পড়ে।

এছাড়া লাহোর প্রস্তাব উত্থাপনের মাধ্যমে তিনি উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেন। তিনি ছিলেন এক বহুমাত্রিক রাজনৈতিক ব্যক্তিত্ব, যার মধ্যে বাঙালি জাতীয়তাবোধের পাশাপাশি সাধারণ মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা ছিল।

বাংলাদেশ ছাত্রপক্ষ মনে করে, বর্তমান প্রজন্মের কাছে শেরে বাংলার জীবন থেকে অনেক কিছু শেখার আছে-বিশেষ করে শোষিত মানুষের পক্ষে দাঁড়ানো, শিক্ষার প্রসার এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম। মৃত্যুবার্ষিকীতে সংগঠনটি তাঁর রুহের মাগফিরাত কামনা করে এবং তাঁর আদর্শ বাস্তবায়নে নিজেদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।