৭২-এর সংবিধান নয়, জুলাই বিপ্লব বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে: ব্যারিস্টার ফুয়াদ।
৭২-এর সংবিধান নয়, জুলাই বিপ্লব বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে: ব্যারিস্টার ফুয়াদ।   ছবি: আরটিএনএন

১৯৭২ সালের সংবিধান নয়, ২০২৪ সালের রক্তাক্ত জুলাই বিপ্লবই বর্তমান প্রধানমন্ত্রীকে ক্ষমতায় বসিয়েছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শুধুমাত্র জুলাই শহীদদের আত্মত্যাগের কারণে প্রধানমন্ত্রী হয়েছেন, সংবিধানের কারণে নয়।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত একটি সমাবেশে তিনি এসব কথা বলেন। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের আমীর ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান, আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ২০২৪ সালের জুলাই মাসে ১৪০০ শহীদ এবং হাজার হাজার আহত মানুষের আত্মত্যাগের ফলেই আজকের ক্ষমতায় থাকা সরকার। তিনি বলেন, রক্তের এই ঋণ অস্বীকার করার কোনো সুযোগ নেই।

এছাড়া তিনি প্রশ্ন তোলেন, যদি সরকার বারবার ৭২-এর সংবিধানের কথা বলে, তাহলে রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী, যেহেতু পলাতক প্রধানমন্ত্রীকে কোনো পদত্যাগপত্র দেওয়া হয়নি, তাহলে কি এখনো আগের প্রধানমন্ত্রীই বহাল আছেন? ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাহাত্তরের সংবিধান অনুযায়ী শেখ মুজিবুর রহমান এখনও জাতির জনক ও স্বাধীনতার ঘোষক, এবং বর্তমান সরকারের বৈধতা আসলে ২০২৪ সালের গণঅভ্যুত্থান থেকে এসেছে, সংবিধান থেকে নয়।

তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী ‘জুলাই সনদ’-এর প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে হবে। জনগণের রায়কে উপেক্ষা করলে কখনোই ভালো পরিণতি হবে না। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, জনগণের আত্মত্যাগের মর্যাদা দিতে হলে দ্রুত সংস্কার এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কোন বিকল্প নেই।