গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে।   ছবি: আরটিএনএন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করেছে। শুক্রবার বিকালে অনুষ্ঠিত এ সভার আলোচ্য বিষয় ছিল “গণভোটের রায় এবং সংস্কার বাস্তবায়ন: কোন পথে হাঁটছে বাংলাদেশ? পেশাজীবী সমাজের ভাবনা।”

এনপিএ’র আহ্বায়ক নাভিদ নওরোজ শাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর ডীন ড. এ কে এম ওয়ারেসুল করিম, গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরামের সমন্বয়ক ফাহিম মাশরুর, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনপিএ’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল ফয়সাল।

উদ্বোধনী বক্তব্যে নাভিদ নওরোজ শাহ্ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় অংশগ্রহণই ফ্যাসিবাদ পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সংসদ সদস্য আখতার হোসেন অভিযোগ করেন, সরকারি দলের সদস্যরা প্রশ্নবিদ্ধ সংবিধানের অপব্যাখ্যা দিয়ে সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন।

আলোচনায় সারোয়ার তুষার বলেন, বিএনপি গণভোটের রায় উপেক্ষা করে জনগণের সঙ্গে প্রতারণা করছে। বক্তারা আরও বলেন, সরকারের বিভিন্ন নীতিগত ব্যর্থতার কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট, আইন-শৃঙ্খলার অবনতি, মব কালচার এবং বাকস্বাধীনতা সংকুচিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থিরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

আলোচকরা একমত হন যে, সরকার জুলাই সনদ ও প্রতিশ্রুত সংস্কার প্রক্রিয়া থেকে সরে গেছে এবং এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভার শেষে পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি ও সচেতন নাগরিকদের অংশগ্রহণে আলোচনা সভা সফলভাবে সমাপ্ত হয়। আয়োজনের দায়িত্বে ছিলেন এনপিএ আহ্বায়ক কমিটির সদস্য সচিব তৌহিদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।