শিক্ষাঙ্গনে সন্ত্রাসীদের ‘না’ বলার আহ্বান ইসলামী ছাত্র আন্দোলনের  
শিক্ষাঙ্গনে সন্ত্রাসীদের ‘না’ বলার আহ্বান ইসলামী ছাত্র আন্দোলনের ।   ছবি: আরটিএনএন

রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সন্ত্রাসবিরোধী পদযাত্রা পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে সংগঠনটির নেতারা নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

শুক্রবার (২৪ এপ্রিল) আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে সহিংসতা ও আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। তিনি অভিযোগ করেন, পূর্বের অঙ্গীকার থাকা সত্ত্বেও কিছু ছাত্রসংগঠন নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে এবং উল্টো সহিংসতার সংস্কৃতি টিকিয়ে রাখছে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির বিবেক গঠনের জায়গা হলেও বর্তমানে অনেক ক্ষেত্রে তা সন্ত্রাস ও ভীতির কেন্দ্রে পরিণত হচ্ছে। অস্ত্রের ঝনঝনানি ও সহিংসতার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক জ্ঞানচর্চা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে নেতারা শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি সকল ছাত্রসংগঠনকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সহনশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

সংগঠনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ থেকে আগামী ২৬ এপ্রিল দেশব্যাপী সকল ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়, সচিবালয় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়।

সন্ত্রাসবিরোধী পদযাত্রায় এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, অর্থ ও কল্যাণ সম্পাদক আহমাদ শাফী, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহীম নাসরুল্লাহ, কওমি মাদরাসা সম্পাদক সাঈদ আবরার, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক মাঈনুদ্দীন খান সিফাতসহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও ঢাকাস্থ ক্যাম্পাস নেতৃবৃন্দ।