বিদ্যুৎখাতে দায় এড়ানোর সুযোগ নেই: ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিদ্যুৎখাতে দায় এড়ানোর সুযোগ নেই: ইসলামী আন্দোলন বাংলাদেশ।   ছবি: সংগৃহীত

বিদ্যুৎখাতে অতীতের ওপর দায় চাপিয়ে বর্তমান সংকট এড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, দেশের বিদ্যুৎখাত দীর্ঘদিন ধরেই ভর্তুকিনির্ভর। এরপরও প্রতি গ্রীষ্মে লোডশেডিংয়ে জনগণকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ পরিস্থিতিতে শুধুমাত্র অতীত সরকারগুলোর ওপর দায় চাপানো সমাধান নয়।

তিনি বলেন, “বিদ্যুৎখাতে অতীতের ব্যর্থতা ও দুর্নীতির প্রভাব থাকলেও বর্তমান সরকার দায় এড়াতে পারে না। পরিকল্পনাহীনতা, অদূরদর্শিতা ও দুর্নীতির দায় স্বাধীনতার পর থেকে সকল সরকারকেই নিতে হবে।”
অধ্যক্ষ ইউনুস আহমদ আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদ্যুৎখাতে যে অরাজকতা ও দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে, তার প্রভাব এখনো বিদ্যমান থাকতে পারে। তবে জনগণ বর্তমান সরকারকে দায়িত্ব দিয়েছে সমস্যার সমাধান করার জন্য, অতীতের ব্যর্থতার পুনরাবৃত্তি শোনার জন্য নয়।

তিনি বলেন, “জনগণ এখন কাজ দেখতে চায়, সমস্যার কার্যকর সমাধান চায়। অতীতের জাবরকাটা আর গ্রহণযোগ্য নয়।”

বিবৃতিতে দ্রুত ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে বিদ্যুৎখাতের সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।