আবার আইনি নোটিশ পেলেন এমপি আমির হামজা
মুফতি আমির হামজা।   ছবি: সংগৃহীত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আবারও আইনি নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্যসচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে জজ কোর্টের অ্যাডভোকেট নুরুল ইসলাম এ নোটিশ পাঠান।

নোটিশে ১০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়।

নোটিশ সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে জনসম্মুখে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় কটূক্তি ও অপপ্রচার চালানোর অভিযোগ আনা হয়েছে আমির হামজার বিরুদ্ধে।

এতে বলা হয়, ফজলুর রহমানকে ‘ফজু পাগলা’ বলে আখ্যায়িত করা, পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর মন্তব্য এবং কুকুর মারার ইনজেকশন দেওয়ার মতো বক্তব্য দিয়ে একজন বীর মুক্তিযোদ্ধার মর্যাদা ক্ষুণ্ন করা হয়েছে। এসব ঘটনায় ফজলুর রহমান সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েছেন বলেও নোটিশে দাবি করা হয়।

নোটিশ পাঠানোর বিষয়ে আই-ইয়াশ ইমন বলেন, ‘ফজলুর রহমান আমার পছন্দের ব্যক্তি এবং একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনে সাড়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, চলতি মাসে এটি আমির হামজার বিরুদ্ধে তৃতীয় আইনি নোটিশ। এর আগে ১ এপ্রিল কুষ্টিয়া মেডিকেল কলেজ ইস্যুতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাব সংক্রান্ত বক্তব্যের বিষয়ে একটি নোটিশ পাঠানো হয়। পরে ১৩ এপ্রিল কুষ্টিয়া জেলা প্রশাসককে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে আরও একটি আইনি নোটিশ দেওয়া হয়েছিল।