এবার মাঠে নামছে ইসলামী ছাত্র আন্দোলন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলন।   ছবি: আরটিএনএন

দেশের বিভিন্ন শিক্ষাঙ্গণে সন্ত্রাস ও সহিংস ছাত্ররাজনীতির বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। পরিস্থিতি মোকাবিলায় সংগঠনটি মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, চট্টগ্রাম সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, পেশিশক্তির প্রদর্শন এবং সহিংস কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া উচিত জ্ঞানচর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ ক্ষেত্র। কিন্তু বর্তমান বাস্তবতায় ছাত্ররাজনীতির নামে সহিংসতা ও ভীতির সংস্কৃতি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।

তিনি আরও বলেন, অতীতের সহিংস ও অস্থিতিশীল রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি রোধ করে প্রতিটি ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ জন্য শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সংগঠনটির পক্ষ থেকে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানানো হয়—দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষাঙ্গনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলন থেকে দুই দফা কর্মসূচি ঘোষণা করা হয়:
১. ২৪ এপ্রিল শুক্রবার, বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে সন্ত্রাসবিরোধী পদযাত্রা।
২. ২৬ এপ্রিল রবিবার, দেশব্যাপী ক্যাম্পাসসমূহে সন্ত্রাসবিরোধী মানববন্ধন।

সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।