মনিরা শারমিন, মনোনয়ন বাতিল
এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয় বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন   ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একমাত্র প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সরকারি চাকুরি থেকে অবসর নেওয়ার তিন বছর পূর্ণ না হওয়ায় আরপিও অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসি।

এর আগে আজ (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে নির্বাচন ভবনে দ্বিতীয় দিনের মত সংরক্ষিত মহিলা আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই কার্যক্রম শুরু হয়। বাছাই কার্যক্রম পরিচালনা করেন সংরক্ষিত মহিলা আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দিন খান।

এতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের ১৩ আসনের বিপরীতে ১২ জনের মনোনয়ন বৈধ হলো। যা বিরোধী জোটের জন্য সুখকর না।

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন এনসিপি’র যুগাম-আহ্বায়ক মনিরা শারমিন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান তিনি। 

জানা গেছে, এনসিপি নেত্রী মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার জেনারেল (১০ম গ্রেড) পদে নিয়োগ পান। নিয়োগের পর তিনি প্রথমে ব্যাংকের কুষ্টিয়া শাখায় যোগ দেন। পরে ২০২৪ সালের আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর কারওয়ান বাজার করপোরেট শাখায় বদলি হয়ে আসেন। মনিরা শারমিন ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত কৃষি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ২০২৫ সালের মার্চে তিনি এনসিপির যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পান।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন আইন-২০০৪ অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান এই নির্বাচনেও প্রযোজ্য হবে। আরপিও-এর ১২ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্মবিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করলে বা অবসরে গেলে, পদত্যাগ বা অবসরের তিন বছর অতিবাহিত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে অযোগ্য হবেন।