সরকারি চাকরির বিধিনিষেধ ও সময়সীমা লঙ্ঘনের দায়ে আসন্ন সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেতে যাচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট। দুইজন প্রার্থীর মধ্যে নির্বাচন কমিশন একজনের মনোনয়নপত্র বাছাই স্থগিত এবং অন্যজনের মনোনয়ন গ্রহণ না করার মাধ্যমে জাতীয় সংসদের বিরোধী জোট তাদের প্রাপ্য একটি আসন হারাতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী পদত্যাগ বা অবসরের পর ৩ বছর অতিবাহিত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য বলে বিবেচিত হন। জামায়াত জোট সমর্থিত একজন প্রার্থীর ক্ষেত্রে এই সময়সীমার ব্যত্যয় ঘটেছে।
অন্যদিকে জোটের অপর একজন প্রার্থী নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তা আইনগতভাবে গ্রহণ করেনি রিটার্নিং কর্মকর্তা। আর এতে এই জোটের একটি আসন কমে গিয়ে বিএনপি জোটের একটি আসন বাড়তে পারে।
আইন অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত প্রার্থীদের দল ও জোটভিত্তিক আনুপাতিক হারে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র মোর্চা একটি আসন- এই মোট ৫০টি আসন বণ্টন করা হয়েছে।
এক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি জোট থেকে ৩৬ জন প্রার্থী, জামায়াত জোট থেকে ১৩ জন প্রার্থী এবং স্বতন্ত্র মোর্চা থেকে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে জামায়াত জোটের অন্তর্ভুক্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেওয়া মনিরা শারমিনের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হতে পারে।
সংরক্ষিত নারী আসনের নির্বাচন আইন-২০০৪ অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধান এই নির্বাচনেও প্রযোজ্য হবে। আরপিও-এর ১২ অনুচ্ছেদে বলা হয়েছে, প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের বা প্রতিরক্ষা কর্মবিভাগের কোনো চাকরি থেকে পদত্যাগ করলে বা অবসরে গেলে, পদত্যাগ বা অবসরের তিন বছর অতিবাহিত না হলে সংশ্লিষ্ট ব্যক্তি সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে অযোগ্য হবেন।
জানা গেছে, এনসিপি নেত্রী মনিরা শারমিন ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার জেনারেল (১০ম গ্রেড) পদে নিয়োগ পান। নিয়োগের পর তিনি প্রথমে ব্যাংকের কুষ্টিয়া শাখায় যোগ দেন। পরে ২০২৪ সালের আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর কারওয়ান বাজার করপোরেট শাখায় বদলি হয়ে আসেন। মনিরা শারমিন ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত কৃষি ব্যাংকের কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এর আগে ২০২৫ সালের মার্চে তিনি এনসিপির যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব পান।
তবে গণপ্রতিনিধি আদেশ অনুযায়ী, সরকারি চাকরি থেকে অবসর বা পদত্যাগের তিন বছর সময় পার না হলে সংসদ সদস্য পদে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবেন। এখন কোনো জোটের যদি কারও মনোনয়ন বাতিল হয়, সেক্ষেত্রে কী হবে?
এদিকে বিকেল ৪টার পর জামায়াত জোটের প্রার্থী এনসিপির যুগ্ম-আহ্বায়ক নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র দাখিল করা হলেও রিটার্নিং কর্মকর্তা রিসিভ কপিতে ১৯ মিনিট বিলম্বের কথা উল্লেখ করেছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় কিছু নথি এবং জামানতসংক্রান্ত জটিলতা থাকায় রিটার্নিং কর্মকর্তা সেটি গ্রহণ করেননি।
আইন অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক প্রক্রিয়ায় ফরম পূরণ না করা হলে বা নথিতে বড়ধরনের ত্রুটি থাকলে রিটার্নিং কর্মকর্তা বাতিলের এখতিয়ার রাখেন।
এ বিষয়ে জামায়াত জোটের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, আমরা আশাবাদী, নারী আসনে যে তালিকা জমা দিয়েছি, এর মধ্যে কোনো প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই।
এ বিষয়ে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, কোনো প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল হলে এবং সংশ্লিষ্ট দল বা জোটের আর কোনো প্রার্থী না থাকলে ওই আসন উন্মুক্ত হয়ে যাবে। আমরা নতুন করে তফসিল দেবো। এরপর সংসদ সদস্যরা ভোট দিয়ে উন্মুক্ত আসনের সংসদ সদস্য নির্বাচন করবেন।
জাতীয় নির্বাচন এবং সংরক্ষিত নারী আসনে একই নিয়ম প্রযোজ্য কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ডকুমেন্ট দেখে সিদ্ধান্ত দেবো, মনোনয়নপত্র যাচাই-বাছাই করবো।
বিধি সম্পর্কে জানতে চাইলে তিনি আরও বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ীই বিষয়টি নির্ধারিত হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। ২২ এপ্রিল বিকেল ২টা থেকে ৪টা এবং ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাছাই চলবে। এরপর আপিল করা যাবে ২৬ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের জানান, নির্বাচনে মোট ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি জোটের ৩৬টি, জামায়াত জোটের ১৪টি, স্বতন্ত্র মোর্চার একটি এবং তিনজন প্রার্থী নিজ উদ্যোগে মনোনয়নপত্র দাখিল করেছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!