ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মনোনীত ১৩ জন নারী প্রার্থী।  মঙ্গলবার(২১ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে (ইসি) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মনোনীত ১৩ জন নারী প্রার্থী।   ছবি: আরটিএনএন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের মনোনীত ১৩ জন নারী প্রার্থী।

মঙ্গলবার(২১ এপ্রিল) আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে (ইসি) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খানের কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় নেতা এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং এডভোকেট মতিউর রহমান আকন্দ-সহ সংশ্লিষ্ট প্রার্থীরা।

ব্রিফিংয়ে ড. আযাদ বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সংসদের ৩০০ সাধারণ আসনের ভিত্তিতে প্রতি ছয়টি আসনের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন নির্ধারিত হওয়ায় ১১ দলীয় ঐক্য তাদের প্রাপ্য হিসেবে ১৩টি আসনে মনোনয়ন দিয়েছে।

তিনি জানান, দলীয় সমঝোতার ভিত্তিতে আসন বণ্টন করা হয়েছে। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ২টি, বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ১টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পেয়েছে ১টি আসন। এছাড়া শহীদ পরিবারের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রোকেয়া বেগমকে মনোনয়ন দেওয়া হয়েছে।

জামায়াত থেকে মনোনয়ন পেয়েছেন- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার।

জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন পেয়েছেন মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু।

এছাড়া জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিমও প্রার্থী হয়েছেন।

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংরক্ষিত নারী আসনে জোটের প্রার্থী করা হয়েছে।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের নির্বাচন আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে ২৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে।