সংরক্ষিত মহিলা আসনে ১১ দলের সব প্রার্থী চূড়ান্ত
সংরক্ষিত মহিলা আসনে ১১ দলের সব প্রার্থী চূড়ান্ত।   ছবি: আরটিএনএন

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের জন্য একজন জুলাই শহীদের মা’কে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দল।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী ৬৮ আসনসহ ৭৬ আসন পেয়ে বিরোধী জোট গঠন করে ১১ দল। সেই হিসেবে তারা মোট ১৩টি সংরক্ষিত  মহিলা আসন পাবে। 

প্রাপ্ত আসন অনুযায়ী জামায়াতের ১১টি সংরক্ষিত আসন পাওনা হলেও শরিকদের জন্য ছাড় দিয়ে আটটি সংরক্ষিত আসনে নিজেদের প্রাথী মনোনীত করেছে দলটি। বাকিদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে দুজন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) থেকে একজন ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকে একজনকে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। এছাড়া জামায়াতের কোটা থেকে জুলাই শহীদ পরিবারের একজনকে সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য করা হচ্ছে। 

সংরক্ষিত মহিলা আসনের জন্য ১১ দল থেকে যাদের মনোনয়নপত্র সংগ্রহ করতে বলা হয়েছে- নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মাহফুজা সিদ্দিকা, নাজমুন নাহার নীলু, সাজেদা সামাদ, মারদিয়া মমতাজ, মাহমুদা আলম মিতু, মনিরা শারমিন, তাসমিয়া প্রধান, সামসুন নাহার, মাহবুবা হাকিম ও রোকেয়া বেগম।

আরটিএনএন ১৬ এপ্রিল যে নয়জনের নাম প্রকাশ করেছিল, এ তালিকায় সেই নয়জনের সবাই রয়েছেন। জুলাই শহীদ পরিবার থেকে একজনকে মনোনয়ন দেয়া হবে বলেও সেই সংবাদে উল্লেখ করেছিল আরটিএনএন।

জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়া হবে বলে নিশ্চিত করেছে মহিলা জামায়াত। 

জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে মনোনয়ন দিয়ে জুলাইয়ের প্রতি নিজেদের প্রতিশ্রুতি ধরে রেখেছে জামায়াতে ইসলামী। এছাড়া এনসিপির দুজনের মধ্যে নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন নিজ দলের কোটায় হলেও সদস্য সচিব মাহমুদা আলম মিতুকে জামায়াত কোটা থেকে ছাড় দিয়েছে। আর জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধানকে সংসদে যাবার সুযোগ করে দিয়েছে জামায়াত। দুইজন সংসদ সদস্য পেলেও জোটের কল্যাণে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মনোনয়ন দেয়া হয়েছে মাহবুবা হাকিমকে। নারী মজলিসের সদস্য মাহবুবা মাওলানা দলটির আমির মামুনুল হকের ভাগনি।

জামায়াত থেকে যারা সংসদ সদস্য হচ্ছেন, তারা হলেন– কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ, মহিলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ এবং খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

 সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাবে।