মাদরাসা ছাত্রীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
মাদরাসা ছাত্রীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।   ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ১৮ এপ্রিল, শনিবার এক বিবৃতিতে তিনি এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “গাজীপুরের শ্রীপুর উপজেলায় বুধবার (১৫ এপ্রিল) বিকেলে মসজিদের ইমাম বাবার গলায় পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসীরা ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে অপহরণ করেছে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও পুলিশ প্রশাসন অপহৃত মেয়েটিকে উদ্ধার করতে এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে পারছে না, যা অত্যন্ত দুঃখজনক। আমি এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, “বর্তমান সরকার দেশের মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে দিনের বেলায় সন্ত্রাসীরা বাবার কাছ থেকে অস্ত্রের মুখে মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। এটি অত্যন্ত ন্যক্কারজনক ঘটনা। আমি দ্রুততম সময়ের মধ্যে অপহৃত মেয়েটিকে উদ্ধার করে বাবা-মায়ের কাছে ফেরত দেওয়ার এবং অপরাধীদের গ্রেফতার ও শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এ ঘটনার পর থেকে স্থানীয় প্রশাসন এবং পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, তবে এখন পর্যন্ত অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়নি। এই ঘটনা নিয়ে এলাকাজুড়ে উদ্বেগ এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।