লোকজ সংস্কৃতিতে আঘাত মানেই জাতির শিকড়ে আঘাত: রিজভী
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী।   ছবি: আরটিএনএন

লোকজ সংস্কৃতির ওপর আঘাত করা মানে জাতির শিকড়ে আঘাত করা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি সতর্ক করে বলেন, নিজস্ব সংস্কৃতির চর্চা অব্যাহত না থাকলে জাতি তার ঐতিহ্য ও পরিচয় হারানোর ঝুঁকিতে পড়বে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত চতুর্থ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, পয়লা বৈশাখ বাঙালির নিজস্ব সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। একসময় এটি গ্রামকেন্দ্রিক হলেও এখন শহরেও ব্যাপকভাবে উদযাপিত হচ্ছে। তবে আধুনিক শিক্ষাব্যবস্থা ও নগরজীবনের প্রভাবে নতুন প্রজন্ম বাংলা পঞ্জিকা ও ঐতিহ্য থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

রুহুল কবির রিজভী আহমেদ আরও বলেন, অনেক দেশে নিজস্ব ভাষা ও লিপি হারিয়ে যাওয়ার উদাহরণ রয়েছে। বাংলাদেশে যেন সেই পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য সাংস্কৃতিক চর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ধর্ম ও সংস্কৃতির সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ইসলামি ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি পরস্পরবিরোধী নয়; বরং দীর্ঘদিন ধরে এ দুই ধারার সমন্বয়ে একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে উঠেছে। ইউসুফ-জুলেখা, লায়লা-মজনু প্রভৃতি কাহিনি এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।

লোকজ শিল্প, যাত্রাপালা, বাউল গান, কবিগানসহ বিভিন্ন পারফর্মিং আর্ট জাতীয় চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। এসবের ওপর আঘাতকে তিনি সংস্কৃতির মর্মমূলে আঘাত হিসেবে আখ্যায়িত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন। এতে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং শিল্পকলা একাডেমির সচিব জাকির হোসেন প্রমুখ।