জুলাই সনদ অবিকৃতভাবে বাস্তবায়ন করতে হবে: মিয়া গোলাম পরওয়ার।
জুলাই সনদ অবিকৃতভাবে বাস্তবায়ন করতে হবে: মিয়া গোলাম পরওয়ার।   ছবি: আরটিএনএন

ঢাকাকে ইসলামী আন্দোলনের অপরাজেয় দুর্গে পরিণত করতে ইসলামী আন্দোলনের সকল স্তরের জনশক্তিকে ময়দানে আপোষহীন ভূমিকা পালনের আহবান জানালেন জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল  অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বুধবার বারিধারাস্থ সিটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মজলিসে  শূরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সংগঠনের দায়িত্বশীলদের ধৈর্য, সহনশীলতা, প্রজ্ঞা ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি কুরআন ও হাদিস অধ্যয়ন এবং পরামর্শভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি দাবি করেন, সরকার “জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করছে” এবং নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী তা বাস্তবায়ন থেকে সরে যাচ্ছে। তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করে “অবিকৃতভাবে জুলাই সনদ” বাস্তবায়নের দাবি জানান।

অধিবেশনের সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জামায়াতের রাজনীতি দুনিয়া অর্জনের জন্য নয়, বরং মানবকল্যাণ ও আখিরাতের মুক্তির উদ্দেশ্যে পরিচালিত। তিনি সমাজে ন্যায় ও অধিকারের ভিত্তিতে একটি কল্যাণমূলক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নারী ও পুরুষ সদস্যরা অধিবেশনে অংশ নেন বলে জানানো হয়।