বিদ্যুতের দাম বাড়ানো হলে নিত্যপণ্যের বাজারে ভয়াবহ প্রভাব পড়বে এবং ‘দাবানল’ ছড়িয়ে পড়বে ।
বিদ্যুতের দাম বাড়ানো হলে নিত্যপণ্যের বাজারে ভয়াবহ প্রভাব পড়বে এবং ‘দাবানল’ ছড়িয়ে পড়বে ।   ছবি: আরটিএনএন

বিদ্যুতের দাম বাড়ানো হলে নিত্যপণ্যের বাজারে ভয়াবহ প্রভাব পড়বে এবং ‘দাবানল’ ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ (১৪ এপ্রিল, মঙ্গলবার) এক বিবৃতিতে বলেন, বর্তমানে নিত্যপণ্যের দামের চাপেই সাধারণ মানুষ বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানো হলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, জ্বালানি সংকট একটি বৈশ্বিক ইস্যু হলেও এর পেছনে সরকারের কূটনৈতিক দুর্বলতা, জ্বালানি খাতে অদক্ষতা ও পরিকল্পনার ঘাটতিও রয়েছে। এসব ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো উচিত নয়।

গাজী আতাউর রহমান আরও দাবি করেন, সাম্প্রতিক সময়ে ইরান পাঁচটি জ্বালানিবাহী জাহাজ হরমুজ প্রণালী পাড়াপাড়ের অনুমোদন দিলেও প্রশাসনিক ব্যর্থতার কারণে চারটি জাহাজের অস্তিত্ব নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে। তার ভাষায়, সরকারের এই অদক্ষতা ও ব্যর্থতার দায় জনগণের ওপর চাপানো ঠিক হবে না।

তিনি বলেন, দেশে আর্থিক সংকট দেখা দিলেই প্রথমে জনগণের ওপর চাপ সৃষ্টি করা হয়, ব্যয় সংকোচনে বাধ্য করা হয়। অথচ সরকারের নিজস্ব ব্যয় সংকোচনে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায় না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে, সরকারি খরচে নিয়ন্ত্রণ আনতে হবে এবং কূটনৈতিক দুর্বলতা কাটিয়ে উঠতে হবে। এরপরই বিদ্যুতের দাম বৃদ্ধির মতো সিদ্ধান্ত বিবেচনা করা যেতে পারে।