ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে  মনোনয়নপত্র  সংগ্রহ করছেন  সেলিনা সুলতানা।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্র সংগ্রহ করছেন সেলিনা সুলতানা।   ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক সাড়া পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তিন দিনে মনোনয়ন ফরম বিক্রি ও জমা বাবদ দলটির আয় দাঁড়িয়েছে প্রায় সাড়ে ৪ কোটি টাকার বেশি।

সোমবার (১৩ এপ্রিল) প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার (১০ এপ্রিল) থেকে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করে বিএনপি। রোববার ছিল এই কর্মসূচির শেষ দিন। প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ২ হাজার টাকা হিসেবে ফরম বিক্রি থেকে আয় হয়েছে অন্তত ২০ লাখ টাকার বেশি। 

অন্যদিকে, জমা পড়া প্রায় ৯০০টি মনোনয়নপত্রের প্রতিটির সঙ্গে ৫০ হাজার টাকা করে জমা দেয়ার বিধান থাকায়, এ খাতে সংগৃহীত হয়েছে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা। সব মিলিয়ে ফরম বিক্রি ও জমা—এই দুই খাত থেকে বিএনপির মোট আর্থিক লেনদেন দাঁড়িয়েছে প্রায় ৪ কোটি ৭০ লাখ টাকার বেশি। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ীই মনোনয়ন কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং এতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রথম দুই দিনে ১ হাজার ২৫টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। তবে শেষ দিনের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিন দিনে মোট বিক্রি হয়েছে এক হাজারের বেশি ফরম এবং জমা পড়েছে প্রায় ৯০০টি মনোনয়নপত্র। এ বিষয়ে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিস্তারিত তথ্য জানাতে পারবেন বলেও জানান তিনি।