গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি।
গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেন জোনায়েদ সাকি।   ছবি: সংগৃহীত

গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন জোনায়েদ সাকী।শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানানো হয়।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেওয়ান আবদুর রশিদ নীলু।

সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি বলেন, তিনি দল থেকে পদত্যাগ করেননি; বরং দলের সাংগঠনিক নীতির অংশ হিসেবেই এই দায়িত্ব ছেড়েছেন। প্রধান সমন্বয়কারীর পদ ছাড়লেও তিনি দলের রাজনৈতিক পরিষদের সদস্য হিসেবে সক্রিয় থাকবেন এবং রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন।

গেল বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত দলের পঞ্চম জাতীয় সম্মেলনে জোনায়েদ সাকি পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন। ওই সম্মেলনে ৫৫ সদস্যের নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।

এছাড়া, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে দলটির প্রতীক ‘মাথাল’ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

পরবর্তীতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারে জোনায়েদ সাকীকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে তাকে অর্থ মন্ত্রণালয় থেকে সরিয়ে শুধুমাত্র পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্বে রাখা হয়।