ছাত্রদল
ছাত্রদলের সভাপতি পদের দৌড়ে এগিয়ে যারা।   ছবি: আরটিএনএন

২০২৪ সালে জুলাই গণ-অভ্যুত্থানের ঠিক আগে ১ মার্চ রাকিবুল ইসলামকে সভাপতি ও নাছির উদ্দীনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের একটি আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছিল ছাত্রদল। পরবর্তীতে ২৬০ সদস্যের বড় কমিটিতে রূপ নেয় দেশের শীর্ষ এই ছাত্র সংগঠন। 

তবে নিয়ম অনুযায়ী, দুই বছরের এই কমিটির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। তাই ছাত্রদলের কমিটি যে কোন সময় ঘোষণা করা হবে বলে প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে দলের ভেতরে-বাইরে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে চলছে নানা গুঞ্জন।

এদিকে, সম্ভাব্য নতুন কমিটি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আলোচনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। বিগত দিনে আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এবং গ্রহণযোগ্য নেতাদের হাতেই সংগঠনের দায়িত্ব তুলে দেওয়া হোক, এমনটাই চান নতুন কমিটিতে পদ প্রত্যাশী নেতারা।

যদিও জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটিতে যোগ্য নেতৃত্ব খুঁজছে বিএনপি হাইকমান্ড। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অবদান বিবেচনায় নিয়ে এবারের কমিটিতে বড় ধরনের পরিবর্তনের আভাসও পাওয়া যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসবেন তা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর পুরোপুরি নির্ভর করছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির (২০০৭-০৮ সেশন), সহ সভাপতি কাজী জিয়াউদ্দিন বাসিত (২০০৮-০৯ সেশন) সহ-সভাপতি মো. মনজুরুল আলম রিয়াদ (২০০৮-০৯ সেশন), সহ সভাপতি আরিফুল ইসলাম আরিফ, ইজাজুল কবির রুয়েল (২০০৮-০৯ সেশন), শাফি ইসলাম (২০০৮-০৯), জহির রায়হান আহমেদ (২০০৮-০৯ সেশন), খোরশেদ আলম সোহেল (২০০৮-০৯), ডা. তৌহিদুর রহমান আওয়াল (২০০৮-০৯ সেশন), যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান (২০০৯-১০ সেশন), যুগ্ম সাধারণ মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম (২০০৭-০৮ সেশন), ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান (২০০৮-০৯ সেশন), ২নং যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, এস এম মাহমুদুল হাসান রনি (২০০৯-১০), সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান (২০০৯-১০ সেশন), প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ (২০০৯-১০), হাসানুর রহমান হাসান (২০০৯-১০),   ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ২০১০-১১) ও ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভূইয়া প্রমুখ।