সংসদ
জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের ওয়াকআউট।   ছবি: আরটিএনএন

জাতীয় সংসদে ওয়াকআউট করেছে বিরোধী দল। জানা যায়, জুলাই সনদ ইস্যুতে এ ওয়াকআউট করা হয়েছে। 

বুধবার (১ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

উল্লেখ্য, এর আগেও ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ ইস্যুতে ওয়াকআউট করেছিল বিরোধী দল।

আজ সংসদ অধিবেশন চলাকালে স্পিকারের অনুমতি সাপেক্ষে জুলাই সনদ ও গণভোট ইস্যুর কথা তুলে ধরে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, এই বিষয়টি কোনো দলের সঙ্গে সম্পর্কিত না। যে বিষয়ে নির্বাচনের আগে সরকারি দল-বিরোধী দল সবাই একমত হয়েছি, আমরা প্রতিকার যে পেলাম না, এতে আমরা না; এতে দেশবাসীর রায়ের প্রতিফলন হলো না। বিরোধী দলে বসে আমরা এই অবমূল্যায়ন মেনে নিতে পারি না। এজন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি।

তারপর বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে আসন ছেড়ে বের হয়ে যান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের বৈঠক শুরু হয় বিকেল সাড়ে ৩টার দিকে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) সভাপতিত্বে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হওয়ার পর প্রথমবারের মতো সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।