নির্বাচন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান।   ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনে ভোট গণনাকালে কারচুপি করে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেন। 

তিনি বলেন, ভোট গণনার সময় জাতিকে অন্ধকারে রেখে ফলাফল বদলে দেয়া হয়েছে। এবারের নির্বাচন ইতিহাসে সব ওলটপালট হয়ে গেছে।

তিনি আরও বলেন, নির্বাচনে অনিয়ম ও ফলাফল পরিবর্তনের অভিযোগের বিষয়ে জামায়াত আদালতের শরণাপন্ন হবে। একই সঙ্গে সংসদে বিষয়টি উত্থাপন করা হবে এবং প্রয়োজনে রাজপথেও আন্দোলনে নামা হবে। এ সময় দুর্নীতির বিরুদ্ধে আমাদের আন্দোলন সংসদের ভেতরে ও বাইরে সব জায়গায় চলবে বলেও জানান তিনি।

মুজিবুর রহমান বলেন, নির্বাচনে ভোট গণনার সময় স্বচ্ছতা বজায় রাখা হয়নি এবং জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হয়নি। এ পরিস্থিতিতে আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি গণআন্দোলনের মাধ্যমেও প্রতিকার চাওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, যে দলকে আন্দোলনের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তাদের পুনর্বাসন সেই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল। 

জুলাই মাসে ছাত্র-জনতার আত্মত্যাগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, যাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, তাদের পুনর্বাসনের চেষ্টা হলে তা শহীদদের প্রতি অবমাননা হবে।

নায়েবে আমির অভিযোগ করেন, গণভোটের ফল না মেনে সংস্কার পরিষদের শপথ গ্রহণ না করা জনমত উপেক্ষার শামিল। পাশাপাশি একটি রাজনৈতিক দল সিটি করপোরেশনগুলোতে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশ পরিচালনায় রাজনৈতিক ঐকমত্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে মুজিবুর রহমান বলেন, বিরোধীদলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত না নিলে অতীত সরকারের মতো পরিণতি ভোগ করতে হতে পারে।

অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনী অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং গণতান্ত্রিক প্রক্রিয়া পুনরুদ্ধারের আহ্বান জানান।