মাহ্দী আমিন।
মাহ্দী আমিন।   ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন দায়িত্ব পাওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন এবং নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অনুভূতির কথা জানান।

নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে মাহ্দী আমিন লিখেছেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়া তাঁর জন্য পরম সৌভাগ্যের। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর পথচলা শুরু হয় ২০১১ সালে। দীর্ঘ সময়ে বিভিন্ন নীতিনির্ধারণী বিষয় ও বৃহত্তর রাজনৈতিক পরিসরে তাঁর সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন।

পোস্টে তিনি উল্লেখ করেন, প্রথমবার উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় তারেক রহমান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। সে সময় আবেগের বশে তাঁকে ‘দেশনায়ক’ বলে সম্বোধন করা হলেও তাঁর নির্দেশনায় তা থেকে বিরত থাকা হয়। ২০১৮ সালে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে দলের চেয়ারম্যান হন। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করাকে দেশের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেন মাহ্দী আমিন।

গত এক যুগ ধরে উপদেষ্টা হিসেবে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছেন জানিয়ে তিনি বলেন, সীমিত সামর্থ্যের মধ্যেও দেশ ও জনগণের কল্যাণে অবদান রাখার প্রয়াস অব্যাহত রেখেছেন। একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে সামান্য ভূমিকা রাখার সুযোগকেও তিনি বড় প্রাপ্তি হিসেবে দেখছেন।

২০১৪ সালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে প্রথম নিয়োগ পাওয়ার সময় যে অঙ্গীকার করেছিলেন, আজও তা ধারণ করে আছেন বলে জানান তিনি। দল, মত, পথ, আদর্শ ও বিশ্বাস নির্বিশেষে সবার দোয়া কামনা করেন মাহ্দী আমিন।