নির্বাচন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, ডা. জুবাইদা রহমান।   ছবি: সংগৃহীত

দেশের উন্নয়নে জনগণকে সর্বাগ্রে রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী, ডা. জুবাইদা রহমান বলেছেন, আমাদের লক্ষ্য এমন একটি সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা যেখানে নেতার আগে জনগণ, শ্রমিক ও সাধারণ মানুষের মর্যাদা, মেধাভিত্তিক চাকরি ও অধিকার নিশ্চিত থাকবে। সমস্যা যতই বড় হোক না কেন, সুষ্ঠ পরিকল্পনার মাধ্যমে আমরা সমাধান করতে পারি। আমাদের একসাথে কাজ করতে হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হাতিরঝিল অ্যাসফিথিয়েটারে অনুষ্ঠিত পেশাজীবী কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বক্তৃতায় দেশের বিভিন্ন শ্রেণীর মানুষের সমস্যা তুলে ধরে উল্লেখ করেন, পোশাক শিল্পের কর্মী, পরিবহন খাতের শ্রমিক এবং ভাষানটেক, কড়াইল থেকে আগত সাধারণ মানুষও বিভিন্ন সমস্যা ভোগ করছে।

তিনি বলেন, সব সমস্যা সমাধানের জন্য সমতা, সুবিচার এবং পরিকল্পনা অপরিহার্য। দেশকে এমন একটি রাষ্ট্র উপহার দিতে হবে যেখানে সকলের জন্য সমান সুযোগ এবং শ্রমের মর্যাদা নিশ্চিত হবে।

সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির দলনেতা অধ্যাপক ডা. ফরহাদ হালিম। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম এবং অন্যান্য বিশিষ্ট পেশাজীবী।

সভায় অংশগ্রহণকারীরা তাদের সমস্যার কথা শেয়ার করেন এবং ডা. জুবাইদা রহমান তার সমস্যাগুলো শোনার জন্য ধন্যবাদ জানান। তিনি আশ্বাস দিয়ে বলেন, আমরা আমাদের সাধ্যমত আপনার সমস্যাগুলো শুনব এবং সমাধানের চেষ্টা করব। আমাদের লক্ষ্য দেশকে এমন একটি রাষ্ট্রে রূপান্তরিত করা যেখানে জনগণ সর্বাগ্রে থাকবে।