সিবগাতুল্লাহ সিবগাহ
সিবগাতুল্লাহ সিবগাহ।   ছবি: সংগৃহীত

২০১৮ সালে সুবর্ণচরে ধানের শীষে ভোট দেয়ার কারণে যে নারীকে ধর্ষণ করা হয়েছিল সেই ধর্ষকও এখন বিএনপির পক্ষে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ।

গাজীপুরে ছাত্রদল কর্তৃক নারী হত্যা ও বিএনপির অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে রোববার (১ ফেব্রুয়ারি) ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে  শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে সিবগাতুল্লাহ বলেন, বাংলাদেশের জনগণ যখন তাদের মতো সরকার গঠন করার দ্বারপ্রান্তে উপস্থিত তখন একটি দল হত্যা খুন এবং নারী নির্যাতনের সাথে জড়িয়ে পড়েছে। গাজীপুরে একজন হিন্দু নারীকে ছাত্রদল নেতা খুন করেছে। তার সন্তান এখনো হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। শেখ হাসিনাও বিপ্লবের সময় নারীদের উপরে আক্রমণ করেছিল। তখন আমাদের আন্দোলন দমন হয়নি। বরং আমাদের আন্দোলন নতুন তরঙ্গে নতুন এক যাত্রা শুরু করেছিল। 

তিনি বলেন, আগামী ১২ তারিখে বাংলাদেশের নতুন এক সূর্যের উদয় হবে। সেদিন নারী এবং পুরুষ সবাই ঐক্যবদ্ধভাবে নারী নিপতিরদেরকে, ধর্ষণকারীদেরক্‌ খুনিদেরকে বাংলাদেশ থেকে লাল কার্ড প্রদর্শন করবে। সেদিন বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জনগণ তাদের রায় প্রদান করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের দ্বারপ্রান্তে উপস্থিত আছে। 

সমাবেশে ঢাকা মহানগর পূর্বের সভাপতি আসিফ আব্দুল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, ডাকসু ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, কেন্দ্রীয় এইচ আর এম  সম্পাদক সাইদুর রহমান এবং জকসু ভিপি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি রিয়াজুল ইসলাম।