জামায়াত, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের
মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।   ছবি: আরটিএনএন

জোর করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে তাদের অবস্থা আগের চেয়েও খারাপ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, জামায়াত একমাত্র দল যার মধ্যে ৪৩ শতাংশ নারী। নারীরা শান্তিপ্রিয় হওয়ায় বেশি ভোট দেবে জামায়াতকে। মহিলাদের কর্মকাণ্ডই বিএনপির পুরো নির্বাচনী ক্যাম্পেইনকে অতিক্রম করতে পারে। সেই ভয় থেকে তারা নারীদের ওপর হামলা করছে। শুধু নারী নয়, সবার ওপরই হামলা শুরু করেছে তারা। এমনকি হাত কেটে নেবার হুমকিও দিচ্ছে।

ডা. তাহের আরও বলেন, যদি নির্বাচনে অনিয়ম হয়, ফল যাই হোক তা দেশে-বিদেশে গ্রহণযোগ্য হবে না। এতে জুলাইয়ে রক্তদান ও ত্যাগও ব্যর্থ হয়ে যাবে।

সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের ওপর বিএনপি নেতা-কর্মীদের হামলার ঘটনা তুলে ধরেন তিনি।

নারী কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ৩১ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণাও দেন সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদের সদস্য এটিএম মাছুম ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং সাংবাদিক অলিউল্লাহ নোমান।