জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম   ছবি: সংগৃহীত

তারা বলছে তাহাজ্জুদের পর ভোটকেন্দ্রে উপস্থিত থাকতে। তাহাজ্জুদের পরেই তারা সিল মারার পরিকল্পনা করছে। এই ষড়যন্ত্র ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা রুখে দেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টার দিকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি যাতে ভোটাররা উৎসবমুখর ও নির্বিঘ্ন পরিবেশে ভোট দিতে পারেন, সে জন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা আগের রাত থেকেই ভোটকেন্দ্র পাহারায় থাকবেন। যারা ভোটদানে বাধা সৃষ্টি করবে কিংবা ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে এনসিপির আহ্বায়ক বলেন, “কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ। বাংলাদেশের মূল সংকট এখন ফ্যামিলি কার্ড নয়। দেশের প্রকৃত সংকট হলো অর্থনীতিকে চাঙা করা, ঋণখেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা।

তিনি জানান, এনসিপি এসব বিষয়কে সামনে রেখেই পরিকল্পনা ও ইশতেহার প্রণয়ন করেছে।

তিনি আরও বলেন, এনসিপি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছে। নির্বাচনের সময় ঘরে ঘরে গিয়ে মানুষের আস্থা অর্জন এবং ভোটের দিন সবাইকে কেন্দ্রে আনার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বানও জানান নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার পালাবদলের নির্বাচন নয়; এটি রাষ্ট্রকাঠামো সংস্কার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং ইনসাফ প্রতিষ্ঠার নির্বাচন।

সমাবেশে তিনি লক্ষ্মীপুর-১ আসনে এনসিপির প্রার্থী মাহবুব আলমের পক্ষে ভোট চান। মাহবুব আলম ‘শাপলাকলি’ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই এবং রামগঞ্জ উপজেলা বিএনপির ইছাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমানের ছেলে।

সমাবেশ শেষে নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী মাহবুব আলমের হাতে শাপলাকলি প্রতীক তুলে দেন এবং তাকে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেন।

সমাবেশে সভাপতিত্ব করেন রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী। বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, লক্ষ্মীপুর-১ আসনের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ।