জামায়াত, পলিসি সামিট
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতের ‘পলিসি সামিট’ সম্মেলন শুরু হয়েছে।   ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘পলিসি সামিট ২০২৬’ শুরু হয়েছে। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সম্মেলনের উদ্বোধন হয়।

সম্মেলনে ভবিষ্যতের বাংলাদেশ কেমন হওয়া উচিত—সে বিষয়ে মানবিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা নিয়ে গভীর ও গঠনমূলক আলোচনা করা হচ্ছে। অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, সুশাসন, কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচারসহ গুরুত্বপূর্ণ খাতে একটি দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের নীতিগত দিকনির্দেশনা তুলে ধরা হবে বলে আয়োজকেরা জানান।

সম্মেলনে দেশের প্রখ্যাত চিন্তাবিদ, নীতিনির্ধারক, শিক্ষাবিদ, পেশাজীবী ও মান্যবর কূটনীতিকেরা অংশ নেন। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিত্বরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী জাতীয় নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশের জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল।

ডা. শফিকুর রহমান বলেন, দুর্নীতিবিরোধী অবস্থান, বিচারবিভাগের স্বাধীনতা রক্ষা ও প্রয়োজনীয় সংস্কারের পক্ষে থাকার শর্তে যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে আগামীর অগ্রযাত্রায় একসঙ্গে কাজ করতে প্রস্তুত জামায়াতে ইসলামী। 

একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ ও সহযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

এমকে/আরটিএনএন