সিসিটিভি ফুটেজ, স্বেচ্ছাসেবক দল নেতা, গুলি, দুর্বৃত্ত
সিসিটিভি ফুটেজে ধরা পড়ল স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি করে দুর্বৃত্তদের পালানোর দৃশ্য   ছবি: সংগৃহীত

রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পরপরই গুলি করে পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ গণমাধ্যমের হাতে এসেছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে বসুন্ধরা সিটির পেছনে তেজতুরী বাজার এলাকায়, স্টার হোটেলের সামনে এই গুলির ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা মুসাব্বিরকে লক্ষ্য করে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার পেটে লাগে।

গুলিবিদ্ধ অবস্থায় মুসাব্বিরকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় গুলিবিদ্ধ আবু সুফিয়ানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। আজিজুর রহমান মুসাব্বির মারা গেছেন। অপরজন চিকিৎসাধীন।

পুলিশ জানায়, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা হঠাৎ হামলা চালিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ইতোমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীতে যখন উত্তেজনা বিরাজ করছে, তখন নতুন করে এই হত্যার ঘটনায় নগরীতে উদ্বেগ আরও বেড়েছে।