শামসুজ্জামান দুদু।
শামসুজ্জামান দুদু।   ছবি: সংগৃহীত

মানুষের মন জয় করেছেন বেগম জিয়া। আর তাঁর পথ অনুসরণ করা মানেই গণতন্ত্রের পথ অনুসরণ করা। এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ।

সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
 
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আওয়ামী লীগেরও দায় রয়েছে বলে মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না। তিনি অভিযোগ করেন, নানা জায়গায় পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ রক্ষা করতে হবে। বিশৃঙ্খলা সৃষ্টি করা হলেও আমরা শান্তি চাই।

এদিকে, ষষ্ঠ দিনেও জিয়া উদ্যানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড়। সকাল থেকে চলে কোরআন খতমের কার্যক্রম। আগতরা  দুহাত তুলে মোনাজাতে অংশ নেন। জানাজায় উপস্থিত থাকতে না পারার আক্ষেপ মেটাতে অনেকেই কবর জিয়ারতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাতে এসেছেন।