ভুক্তভোগী শাহেনা
ভুক্তভোগী শাহেনা   ছবি: সংগৃহীত

ঢাকার দোহার উপজেলায় এক নারীর কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী দোহার থানায় লিখিত অভিযোগ করেছেন। 

অভিযোগে উল্লেখ করা হয়, দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৃত জলিল ডাক্তারের বাড়িতে  শাহেনা নামের ওই নারীকে বিভিন্ন সময় হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একপর্যায়ে তার ঘরবাড়ি ভেঙে ফেলা হয় এবং  ভয়ভীতি ও চাপ প্রয়োগে বাড়ি করার জন্য আলমারিতে রাখা ১০ লাখ টাকা এবং শাহেনা ও তার মেয়ের গলার চেন ছিনিয়ে নেয়।  হামলার নেতৃত্বে ছিলেন কোরবান, পারভীন, লাভলু, কুদ্দুস, আক্কেল আলীসহ আরও অন্যান্যরা।

ভুক্তভোগী শাহেনার অভিযোগ, এসব দুর্বৃত্ত নিজেদেরকে বিএনপির লোক পরিচয় দেয়। বিভিন্ন সময়ে হুমকি ধামকি তারা দিয়েছে। আমি বাড়ি করবো বলে নিজের জায়গার পাশে আরেকটু জমি কিনে টিনশেড উঠিয়েছি। এই জায়গা আর বিল্ডিং করা নিয়ে তারা ঝামেলা করার চেষ্টা করতেছে। শনিবার ১১টায় থানায় বসার কথা কিন্তু সকাল ৮টায় ওরা আমার ঘরবাড়ি ভেঙে টাকা নিয়ে যায়। এখনো বিভিন্ন ধরনের হুমকি ও চাপ প্রয়োগ করতেছে। 

তিনি বলেন, ঘর ভাঙার সময় ওরা দেশীয় অস্ত্র এনেছে আর বলেছে ঢাকা -১ বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাকের নির্দেশে এখানে চাঁদা নিতে এসেছে। তারা বলেন, ‘আশফাক ভাই বলেছে নতুন ঘর তুললে আমাদের দেখতে। আর বেশি কিছু করলে তোর কল্লা ফালাই দিমু।’

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ সন্ধ্যায় থানায় দুপক্ষকে ডাকা হয়েছে।