মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর   ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের হাত ধরেই দেশ গণতান্ত্রিক অভিযাত্রায় এগিয়ে যাবে। গতকাল তাঁর রাজকীয় প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের মাধ্যমে দেশের মানুষ তাদের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।

মির্জা ফখরুল বলেন, ‘২০০৬ সালের পর আমাদের তরুণ ও সম্ভাবনাময় নেতা—যাঁকে আজ বাংলাদেশের মানুষ এবং আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখছে—সেই তারেক রহমান গতকাল দেশে ফিরে এসেছেন। তিনি ফিরেছেন এক রাজকীয় প্রত্যাবর্তনের মধ্য দিয়ে। সমগ্র বাংলাদেশ তাঁকে সংবর্ধনা জানিয়েছে। পুরো দেশ আজ আনন্দিত ও উচ্ছ্বসিত। জনগণ তাদের প্রাণের প্রিয় নেতাকে ফিরে পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘২০০৬ সালের পর আজ ২০২৫ সালের ২৬ ডিসেম্বর তারেক রহমান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে আসছেন এবং পুষ্পস্তবক অর্পণ করবেন।’

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, এ ধরনের রাজকীয় প্রত্যাবর্তন ও জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ খুব কম নেতার ভাগ্যেই জোটে। সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এটি একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক আকাশে সুবাতাস বইতে শুরু করেছে।

এদিকে সকাল থেকেই নেতা-কর্মীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণ। বিএনপির নেতা-কর্মীদের অনেকের মতে, নির্বাচনকেন্দ্রিক জটিলতাসহ দেশের চলমান রাজনৈতিক ধোঁয়াশা তারেক রহমানের আগমনের মধ্য দিয়ে অনেকটাই কেটে গেছে।