স্মৃতিসৌধ, তারেক রহমান
স্মৃতিসৌধ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।   ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে শুক্রবার (২৬ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন। তার আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশপাশের এলাকায় জনসাধারণের চলাচল সীমিত থাকবে।

স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বে থাকা গণপূর্ত অধিদফতর ও পুলিশ সূত্রে জানা গেছে, তারেক রহমান শহীদ ও মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আসছেন। এই উপলক্ষে বৃহস্পতিবার স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স পরিষ্কার করা হয়েছে এবং লেকের পানি পরিচ্ছন্ন করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে এক হাজারের বেশি পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন।

সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খান আনু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন পর দেশে ফিরেছেন। শুক্রবার জুমার পরে তিনি জাতীয় স্মৃতিসৌধে আসবেন। এজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। যেসব এলাকা অতিথিরা ব্যবহার করবেন, সেগুলো পরিচ্ছন্ন রাখা হয়েছে। নির্দেশনা পেলে পুরো কমপ্লেক্সে সাধারণ মানুষের যাতায়াতও বন্ধ রাখা হবে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এক হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পোশাকের পাশাপাশি ট্রাফিক, ডিবি ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।