ইসলামী আন্দোলন
ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।   ছবি: সংগৃহীত

শহীদ শরীফ ওসমান হাদির প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার এবং জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তুলতে আগামী ৯ জানুয়ারি শুক্রবার ঢাকায় মহাসমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

দলটির নেতারা জানান, শহীদ ওসমান হাদিসহ সব হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, অবৈধ অস্ত্র উদ্ধার, সুষ্ঠু ও সমান প্রতিযোগিতার পরিবেশ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তোলার দাবিতে এই মহাসমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে পীর সাহেব চরমোনাই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের এখনো আইনের আওতায় আনতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন।

মিটিংয়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কে এম আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।