মির্জা ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর।   ছবি: সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন শুধু সচেতন হলেই চলবে না, অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, সংবাদপত্রের ওপর হামলা শুধু একটি গণমাধ্যমের ওপর আঘাত নয়, এটি গণতন্ত্র ও মানুষের স্বাধীন মতপ্রকাশের অধিকারকে ক্ষতিগ্রস্ত করছে।

সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সম্পাদক পরিষদ আয়োজিত ‘মব ভায়োলেন্স’ বা সংঘবদ্ধ সহিংসতাবিরোধী এক প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আজ ডেইলি স্টার বা প্রথম আলো নয়, আজ আঘাত এসেছে গণতন্ত্রের ওপর। আমার স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, কথা বলার অধিকার—সবকিছুর ওপর আবার আঘাত এসেছে।

তিনি বলেন, জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আজ সেই অর্জনের ওপর আঘাত করা হচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, তিনি সারাজীবন একটি স্বাধীন-সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংগ্রাম করেছেন। কিন্তু বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, ‘আমি জানি না, আমরা এই মুহূর্তে কোন বাংলাদেশে আছি। আজ যে বাংলাদেশ দেখছি, এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনো দিন দেখিনি।’

প্রতিবাদ সভায় তিনি আরও বলেন, কোনো একটি রাজনৈতিক দল বা সংগঠনের বিষয় নয়, এখন সব গণতান্ত্রিককামী মানুষের এক হওয়ার সময় এসেছে। যারা অন্ধকার থেকে আলোতে যেতে চান, যারা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চান, তাদের শুধু সচেতন হলে চলবে না—রুখে দাঁড়াতে হবে।

তিনি বলেন, এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে।