তারেক রহমান, বিএনপি
গণতন্ত্র রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান   ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের বর্তমান পরিস্থিতিতে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে জাতীয়তাবাদী শক্তির পাশাপাশি গণতন্ত্রে বিশ্বাসী সকল রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে স্থাপিত ‘ডিজিটাল স্মৃতিস্তম্ভ’-এর ভার্চ্যুয়ালি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হতে হবে একটাই—দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করা এবং দেশকে সমৃদ্ধির পথে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।

জুলাই আন্দোলনে শহীদ হওয়া ওসমান হাদির স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, ওসমান হাদি ছিলেন গণতন্ত্রের একনিষ্ঠ সৈনিক। তিনি ঢাকা-৮ আসন থেকে আগামী নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থী ছিলেন, যা প্রমাণ করে তিনি ভোটের রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গভীরভাবে বিশ্বাস করতেন।

তিনি আরও বলেন, আজ যদি শহীদ ওসমান হাদি, জুলাই আন্দোলনের বীর যোদ্ধা, এমনকি একাত্তরের মহান শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শন করতে হয়, তবে আমাদের জনকল্যাণে কাজ করতে হবে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠাই হবে আমাদের মূল সংকল্প।

বর্তমান যুগে ইন্টারনেটের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা এই প্রজন্মের তরুণ সদস্য ছিলেন। আইটি বা ইন্টারনেটের সাথে বর্তমান প্রজন্মের নিবিড় সম্পর্ক। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইন্টারনেট অত্যন্ত ব্যয়বহুল, যা সবার পক্ষে বহন করা সম্ভব হয় না।

এই সমস্যা সমাধানে তিনি অঙ্গীকার করে বলেন, জনগণের সমর্থনে বিএনপি আগামীতে সরকার গঠন করলে ইন্টারনেট সেবা সবার জন্য সহজলভ্য করা হবে। উদাহরণ হিসেবে তিনি জানান, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে পরীক্ষামূলকভাবে একটি ফ্রি কানেকশন দেয়া হয়েছে। সেখানে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময় অন্তর লগইন করে বিনামূল্যে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন।

স্বাস্থ্য খাতের সংস্কার নিয়ে তারেক রহমান এক বিশাল কর্মসংস্থানের রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সারাদেশে প্রায় এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে। এই প্রকল্পের বিশেষ দিক হলো নারী ক্ষমতায়ন। তিনি ঘোষণা করেন, নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের মধ্যে অন্তত ৮০ থেকে ৮৫ শতাংশই হবে নারী, যার মাধ্যমে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি নারীদের স্বাবলম্বী করা হবে।

বিগত সরকারের আমলে নির্মিত আইটি পার্কগুলোর সমালোচনা করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের অর্থ তসরুপ করে দেশের বিভিন্ন জায়গায় আইটি পার্ক করা হলেও সেগুলো এখন অকেজো বা বন্ধ হয়ে পড়ে আছে। আমরা এই পার্কগুলোকে রিফাবলিশ (সংস্কার) করে বর্তমান প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটর, অনলাইন ফ্রিল্যান্সার এবং ডিজাইনারদের কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করে দেব।

এছাড়া বিদেশে কর্মসংস্থান বৃদ্ধি সম্পর্কে তিনি বলেন, তরুণদের দক্ষ করে গড়ে তুলতে বিশেষ ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে, যাতে তারা সহজেই বিশ্ববাজারে ভালো মানের চাকরি পেতে পারে।

বক্তব্যের শেষে তারেক রহমান দলের রাষ্ট্র সংস্কারের ‘৩১ দফা’ বাস্তবায়নের ওপর জোর দেন এবং বিএনপির নতুন স্লোগান ঘোষণা করেন:

‘করবো কাজ, গড়বো দেশ; সবার আগে বাংলাদেশ।’

বগুড়া জেলা বিএনপির সভাপতি জিয়াউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।