তারেক রহমান
তারেক রহমান।   ফাইল ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছে দলের একটি প্রতিনিধি দল। তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে দলীয়ভাবে সংবর্ধনার প্রস্তুতিও শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। দেশে ফিরলে তাঁকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ জন্য বিমানবন্দর এলাকা ও এভারকেয়ার হাসপাতালের আশপাশে উপযুক্ত স্থান খোঁজা হচ্ছে।

সংবর্ধনা কমিটির আহ্বায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে যে আয়োজন করা হচ্ছে, তা হবে ঐতিহাসিক। মানুষের উপস্থিতিও হবে স্মরণীয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও সংবর্ধনা কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেন, কর্মসূচি ঘিরে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনার বিষয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় রাখা হবে।

দলীয় নেতারা জানান, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যেই এসব প্রস্তুতি চলছে।