দ্বিমুখী আচরণ থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে
দ্বিমুখী আচরণ থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে   ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর এক নেতার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপিকে ‘দ্বিমুখী আচরণ’ থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সভাপতি সাদিক কায়েম।

মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ ও প্রতিক্রিয়া জানান।

ফেসবুক পোস্টে সাদিক কায়েম লেখেন, “পাবনার ঈশ্বরদীতে আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিয়ে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ভাইয়ের সম্মানিত শ্বশুর ও জামায়াতের ইউনিয়ন আমীরের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বিএনপির নেতাকর্মীরা।

দেশজুড়ে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের সুযোগে বিএনপির নেতাকর্মীরা নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত হয়ে পড়েছে। সরকারি দলের দায়িত্ব যেখানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে তাদের নেতাকর্মীরাই রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে সন্ত্রাস ও লুটপাটে জড়িয়ে পড়ছে।

ঘটনার পর এখনো অপরাধীদের গ্রেপ্তারে প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি। এ ধরনের ঘটনা ফ্যাসিবাদবিরোধী ঐক্য ও পারস্পরিক আস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। একদিকে ঐক্যের কথা বলে অন্যদিকে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের মতো দ্বিমুখী আচরণ থেকে বিএনপিকে বের হয়ে আসতে হবে।”

পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর এক ইউনিয়ন আমীরের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের জড়িত থাকার অভিযোগ তুলেছেন সাদিক কায়েম। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকার অভিযোগও করেছেন তিনি।