বিমানবন্দরে হট্টগোল জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার
বিমানবন্দরে হট্টগোল জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার   ডেস্ক

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছেন ডিবি উত্তরা বিভাগের ডিসি মো. ইলিয়াস কবির।

এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এর আগে আজই (২ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে বিমানবন্দর থানায় দণ্ডবিধির একাধিক ধারায় এই মামলা দায়ের করেন। বিমানবন্দর থানার ডিউটি অফিসার এসআই জেসমিন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই মাজেদুল মামলাটি তদন্ত করছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে মদিনা থেকে আগত একটি ফ্লাইটের যাত্রীদের ব্যাপক চাপের কারণে ৮ নাম্বার লাগেজ বেল্ট এলাকায় ট্রলি সংকট দেখা দেয় এবং লাগেজ পেতে বিলম্ব হয়। যাত্রীদের ক্ষোভ ও উত্তেজনার এক পর্যায়ে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের আহ্বানে ঘটনাস্থলে উপস্থিত হন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। তিনি শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় মেজর (অব.) আখতারুজ্জামান হঠাৎ ক্ষিপ্ত হয়ে তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যান এবং নির্বাহী পরিচালককে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ‘আমি কিন্তু পিটাবো ধইরা’, ‘ঘাড় ধরে বের করে দিব’ বলে প্রকাশ্যে হুমকি প্রদান করেন। এমনকি তিনি বিমান ও পর্যটন মন্ত্রী সম্পর্কেও চরম অশালীন মন্তব্য করেন।

এমএআর