ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপি দিয়েছে ১৪ নির্দেশনা।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ডিএমপি দিয়েছে ১৪ নির্দেশনা।   ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রবিবার (২৪ মে) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গণপরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য ১৪ দফা নির্দেশনা দেওয়া হয়।

ডিএমপি জানিয়েছে, নির্ধারিত সময় অনুযায়ী টার্মিনাল থেকে বাস ছাড়তে হবে এবং অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার বা হয়রানি নিষিদ্ধ করা হয়েছে। একই সিট একাধিক যাত্রীর কাছে বিক্রি করাও বন্ধ রাখতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, সিট ছাড়া বাসের ছাদে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। পণ্য ও পশুবাহী যানবাহনে কোনো যাত্রী পরিবহন নিষিদ্ধ থাকবে, বিশেষ করে কোরবানির পশুবাহী ট্রাকে ফেরার পথে যাত্রী তোলা যাবে না।

চালকদের বেপরোয়া গতি পরিহার করে নির্ধারিত গতিসীমা মেনে চলতে বলা হয়েছে। রাস্তার বাঁক, সরু সেতু বা নিষিদ্ধ এলাকায় ওভারটেকিং করা যাবে না। নেশাজাতীয় দ্রব্য সেবন, ঘুমঘুম ভাব বা অসুস্থ অবস্থায় গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ডিএমপি আরও জানিয়েছে, বৈধ ড্রাইভিং লাইসেন্স ও হালনাগাদ কাগজপত্র ছাড়া কোনো গাড়ি চালানো যাবে না। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার এবং উচ্চস্বরে গান বাজানো থেকেও বিরত থাকতে হবে। উল্টো পথে গাড়ি চালানো সম্পূর্ণ নিষিদ্ধ বলে সতর্ক করা হয়েছে।

চালক নিয়োগের আগে লাইসেন্সের বৈধতা যাচাই করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো চালককে একটানা ৫ ঘণ্টা বা দিনে মোট ৮ ঘণ্টার বেশি গাড়ি চালাতে বাধ্য না করার আহ্বান জানানো হয়েছে।

যাত্রীদের উদ্দেশে ডিএমপি বলেছে, নির্ধারিত কাউন্টার বা টার্মিনাল থেকেই বাসে উঠতে হবে। অপরিচিত কারও দেওয়া খাবার বা পানীয় গ্রহণ না করতে সতর্ক করা হয়েছে, যাতে অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পরে পড়তে না হয়। নিজের মালামাল নিজ দায়িত্বে রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

এছাড়া নির্ধারিত সময়ের আগেই কাউন্টার বা টার্মিনালে পৌঁছাতে এবং রাস্তা পারাপারের সময় ফুটওভারব্রিজ, আন্ডারপাস বা জেব্রাক্রসিং ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। চলন্ত গাড়িতে ওঠানামা এবং পণ্যবাহী বা পশুবাহী গাড়িতে যাত্রী হয়ে ভ্রমণ না করারও নির্দেশনা রয়েছে।

পথচারীদের জন্য ডিএমপি জানিয়েছে, রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার বা দৌড়ানো থেকে বিরত থাকতে হবে এবং চলাচলের ক্ষেত্রে ফুটপাত ব্যবহার করতে হবে।

ঈদযাত্রায় কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে টার্মিনালের পুলিশ কন্ট্রোল রুম অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ যোগাযোগের অনুরোধ জানিয়েছে ডিএমপি।