পবিত্র ঈদুল আজহার আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ ।
পবিত্র ঈদুল আজহার আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ ।   ছবি:সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার আগে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস আজ (২৪ মে)। অফিস শেষে সোমবার (২৫ মে) থেকে শুরু হচ্ছে টানা ৭ দিনের ঈদ ছুটি, যা চলবে আগামী ৩১ মে পর্যন্ত।

১৪ মে ঈদুল আজহা উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসে ৭ দিনের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সরকার।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২৮ মে ঈদুল আজহা উপলক্ষে ৬ দিনের ছুটি নির্ধারিত ছিল। সেই তালিকা অনুযায়ী ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯, ৩০ ও ৩১ মে ছুটি থাকার কথা ছিল।

তবে অতীতের ঈদযাত্রার অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে যাতায়াত নির্বিঘ্ন করতে মন্ত্রিসভা অতিরিক্ত একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে ২৫ মে সরকারি ছুটি ঘোষণা করা হয়।

একই সঙ্গে ছুটির সমন্বয়ের জন্য ঈদের আগে সাপ্তাহিক ছুটির একটি দিনে অফিস খোলা রাখার সিদ্ধান্তও নেওয়া হয়। সে অনুযায়ী শনিবার (২৩ মে) সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিস খোলা ছিল।

 সোমবার (২৫ মে) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ঈদুল আজহার টানা ছুটি।