টানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ
টানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে লাইসেন্স বাতিল: বিআরটিএ ।   ছবি: সংগৃহীত

সড়কে দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা ফেরাতে চালকদের নির্ধারিত কর্মঘণ্টা মেনে গণপরিবহন চালানোর ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, কোনো চালক একটানা ৮ ঘণ্টার বেশি গাড়ি চালালে তার ড্রাইভিং লাইসেন্স এবং সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধন (রেজিস্ট্রেশন) বাতিল করা হবে।

বিআরটিএর সদর কার্যালয় থেকে জারি করা এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান মোটরযান আইন ও বিধি অনুযায়ী কোনো চালক একটানা ৫ ঘণ্টার বেশি যানবাহন চালাতে পারবেন না। ৫ ঘণ্টা গাড়ি চালানোর পর চালককে অবশ্যই অন্তত আধা ঘণ্টা বিশ্রাম দিতে হবে। এই বিশ্রামের পর তিনি সর্বোচ্চ আরও ৩ ঘণ্টা গাড়ি চালাতে পারবেন। অর্থাৎ, একজন চালক দিনে কোনোভাবেই ৮ ঘণ্টার বেশি এবং সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করতে পারবেন না।

এই আইন অমান্য করে অতিরিক্ত সময় গাড়ি চালালে বা চালককে বাধ্য করলে, সংশ্লিষ্ট চালকের লাইসেন্স বাতিলের পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশনও বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বিআরটিএ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সড়কে যেকোনো জরুরি পরিস্থিতি কিংবা যানবাহন চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে প্রয়োজনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।