বাল্কহেড ।
বাল্কহেড ।   ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নৌপথে যাত্রী চলাচল নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে একাধিক নির্দেশনা দিয়েছে নৌপরিবহণ মন্ত্রণালয়। একইসঙ্গে যাত্রীচাপ সামাল দিতে নতুন কয়েকটি নৌরুটে লঞ্চ চলাচলের ব্যবস্থাও করা হয়েছে।

শনিবার (২৩ মে) নৌপরিবহণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৪ মে থেকে কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে শিমুলিয়া-চাঁদপুর-ঈদগাঁও রুটে এবং ঢাকার বসিলা লঞ্চঘাট থেকে বসিলা-হাকিমুদ্দিন-চাঁদপুর-মুলাদি-গলাচিপা-বরিশাল-ইলিশা নৌরুটে লঞ্চ চলাচল করবে।

যাত্রীসেবা সংক্রান্ত তথ্য জানতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) হটলাইন ১৬১১৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

এছাড়া ঈদের আগে সদরঘাট থেকে ছেড়ে যাওয়া সব যাত্রীবাহী নৌযানে ঈদের আগের পাঁচদিন মালামাল পরিবহন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে ঈদের পরবর্তী পাঁচদিন অন্যান্য নদীবন্দর থেকে সদরঘাটগামী যাত্রীবাহী নৌযানেও মালামাল পরিবহন নিষিদ্ধ থাকবে।

নৌপরিবহণ মন্ত্রণালয় জানিয়েছে, ২৩ মে থেকে ২ জুন পর্যন্ত দিন-রাত সার্বক্ষণিক সব ধরনের বাল্কহেড চলাচল বন্ধ থাকবে।

পাশাপাশি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

যাত্রীদের জরুরি প্রয়োজনে বিআইডব্লিউটিএ’র হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, ফায়ার সার্ভিস ১০২, কোস্ট গার্ড ১৬১১১ এবং নৌপুলিশের ০১৭৬৯-৭০২২১৫ নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

একইসঙ্গে যাত্রীদের নৌকা বা ট্রলার থেকে লঞ্চে ওঠানামা না করার এবং ফেরিতে ওঠার আগে বাস থেকে নেমে পায়ে হেঁটে ওঠার আহ্বান জানানো হয়েছে। 

এসএস