ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলবে ২ জুনের অগ্রিম টিকিট
অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।    ছবি: সংগৃহীত

ঈদুল আজহা শেষে ঘরে ফেরা মানুষের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। 

শনিবার (২৩ মে) বিক্রি করা হবে আগামী ২ জুনের ট্রেনযাত্রার টিকিট।

রেলওয়ের ঘোষণা অনুযায়ী, সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। এ ছাড়া দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের ঈদ উপলক্ষ্যে নেওয়া বিশেষ কর্মপরিকল্পনা অনুযায়ী, ৩১ মে’র টিকিট বিক্রি হয়েছে ২১ মে এবং ১ জুনের টিকিট বিক্রি হয়েছে ২২ মে। এছাড়া ৩ জুনের টিকিট বিক্রি হবে ২৪ মে এবং ৪ জুনের টিকিট বিক্রি করা হবে ২৫ মে।

রেলওয়ে জানিয়েছে, ঈদযাত্রাকে কেন্দ্র করে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। এছাড়া একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।