পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারেজও করা হবে: প্রধানমন্ত্রী
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   ছবি: সংগৃহীত

পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বর্তমান সরকার করবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুষ্ক মৌসুমে কৃষিজমিতে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে এই পদ্মা ব্যারেজ করা হবে। অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা বলতে পারেন। কিন্তু বর্তমান সরকার আবারও অঙ্গীকার করছে, পদ্মা ব্যারেজ শুধু নয়, তিস্তা ব্যারেজ প্রকল্পও হাতে নেবে সরকার।

বুধবার (২০ মে) বিকেল ৩টার দিকে গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন অনুষ্ঠান ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বড় বড় কথা বললেও তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবিতে একমাত্র বিএনপি আন্দোলন করেছে।

ভূগর্ভস্থ পানি ব্যবহার বিপদজনক উল্লেখ করে তারেক রহমান বলেন, এর সঙ্গে দুর্যোগও জড়িত। ভূগর্ভস্থ পানি শূন্য হচ্ছে, মাটির নিচে পানি থাকছে না, কৃষক পানি পাচ্ছে না। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।

তিনি আরও বলেন, খাল খনন কর্মসূচি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং কৃষি, দুর্যোগ ও ভূমিকম্পের সঙ্গেও সম্পর্কিত। প্রাকৃতিক দুর্যোগ আসবে, যা নিয়ন্ত্রণ করা যায় না। বাসস্থানের জন্য বিভিন্ন অবকাঠামো নির্মাণ হচ্ছে, গাছপালা কাটা যাচ্ছে। ফসলি জমি থাকছে না। যে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ হতে যাচ্ছে, সেখানে অনেকে দুর্যোগ সম্পর্কে প্রশিক্ষণ নেবে।

প্রকৃতিকে বিরক্ত না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা গরিব দেশ, সম্পদ কম। সম্পদকে রক্ষা করতে পারলে দেশকে উন্নত দেশে উন্নীত করা সম্ভব হবে। প্রকৃতিকে ঠিক রাখতে হবে। দুর্যোগ পুরোপুরি মোকাবিলা করা সম্ভব না হলেও দেশের মানুষ সচেতন না হলে প্রকৃতিকে বাঁচানো সম্ভব নয়।