শীর্ষ সন্ত্রাসী ‘পিচ্চি রাজা’ বিমানবন্দরে গ্রেপ্তার
মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও ২৯ মামলার আসামি মো. রাজা বাদশা ওরফে পিচ্চি রাজা।   ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী ও ২৯ মামলার আসামি মো. রাজা বাদশা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় নেপাল থেকে দেশে ফেরার সময় শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার ইবনে মিজান জানান, পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মাদক ও বিস্ফোরকসহ মোট ২৯টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন সে।

এর আগেও একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যান পিচ্চি রাজা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নেপাল থেকে ঢাকায় প্রবেশের সময় শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ।